নাটোরের সিংড়া উপজেলার হোসেনপুর গ্রামে গণধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে নিখোঁজের ১৮ দিন পর গত শুক্রবার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার আদালতের মাধ্যমে জবানবন্দি গ্রহণ করে তাঁকে জেলা কারাগারের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।
সিংড়া থানা-পুলিশ সূত্র জানায়, ২৩ আগস্ট একদল দুর্বৃত্ত ওই নারীকে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কুঠিবাড়ী বাজার এলাকা থেকে অপহরণ করে সিংড়ার হোসেনপুর গ্রামে এনে ধর্ষণ করে। এ নিয়ে পরদিন রাতে হোসেনপুর গ্রামে সালিস বসে। ওই রাত থেকে নির্যাতিতা ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধর্ষণকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ২৫ আগস্ট থানার কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা হয়। আসামিরা এখন পলাতক। এ অবস্থায় মামলাটি নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের ভার দেওয়া হয়।
ডিবির তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক আবদুল হাই বলেন, শুক্রবার রাতে সিংড়া উপজেলার জোলারবাতা সেতুর কাছে নাটোর-বগুড়া মহাসড়ক থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করা হয়। শনিবার নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হয়। ওই দিন বিকেলে তাঁকে নাটোরের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত একজন বাক্প্রতিবন্ধী বিশেষজ্ঞের সহায়তায় তাঁর জবানবন্দি গ্রহণ করেন। সন্ধ্যায় তাঁকে জেলা কারাগারের নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়।