নিখোঁজের ১৮ দিন পর বালুচাপা লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ১৮ দিন পর বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে সাইদুর রহমান (৩৩) নামের এক যুবকের বালুচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বগুড়ার সারিয়াকান্দির শঙ্কপুর এলাকার যমুনা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইদুরের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তাঁর বাবার নাম জয়নাল বাঘা। সাইদুর স্থানীয় একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ জানায়, ১০ ফেব্রুয়ারি বিকেলে মেলান্দহ পৌর শহর থেকে নিখোঁজ হন সাইদুর। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী মমতা বেগম মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় গতকাল শনিবার মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রামের জিয়াউল হক নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির তথ্য অনুযায়ী আজ বেলা আড়াইটার দিকে সাইদুরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, তদন্তে জানা যায়, এক বছর ধরে সাইদুর রহমানের সঙ্গে মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রামের রবিউল ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রীর সম্পর্ক ছিল। রবিউল ও সাইদুর পরস্পর পরিচিত। স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে রবিউল সাইদুরকে হত্যার পরিকল্পনা করেন।
এসআই আবু সায়েম বলেন, এ ঘটনায় নিহত সাইদুরের স্ত্রী মমতা বেগম রবিউল ইসলাম ও জিয়াউল হকসহ সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। জিয়াউলকে আজ রোববার দুপুরে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। আগামীকাল সোমবার রিমান্ড আবেদনের শুনানি হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।