নিখোঁজের ১৮ দিন পর বালুচাপা লাশ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলা শহরের দিগলবাড়ি এলাকায় বাড়ি থেকে নিখোঁজের ১৮ দিন পর গতকাল রোববার সাইদুর রহমান (৩৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শংকরপুর এলাকায় যমুনার চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন। ১০ ফেব্রুয়ারি বিকেলে তিনি নিখোঁজ হন। ১৪ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী মমতা বেগম মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত শনিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রামের জিয়াউল হককে (২৭) গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মেলান্দহ থানার এসআই আবু সায়েম বলেন, সাইদুর রহমানের সঙ্গে মাদারগঞ্জের এক নারীর (২৫) প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে ওই নারীর স্বামী ও গ্রেপ্তার হওয়া জিয়াউল হকসহ সাতজন ঘুরতে যাওয়ার কথা বলে সাইদুরকে মোটরসাইকেলে করে শংকরপুর এলাকায় যমুনার চরে নিয়ে যান। ১০ ফেব্রুয়ারি রাতে তাঁরা সাইদুরকে শ্বাসরোধে হত্যার পর লাশ বালুচাপা দেন। গতকাল রবিউল ইসলাম, জিয়াউল হকসহ সাতজনের বিরুদ্ধে সাইদুরের স্ত্রী হত্যা মামলা করেছেন।