নিখোঁজের ১৮ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ১৮ দিন পর জামালপুরের মেলান্দহ উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে গত বুধবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় হাবিবুর রহমান (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বজরদ্দিপাড়া গ্রামের। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বন্ধু পারভেজকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর গতকাল বৃহস্পতিবার নূরজাহান বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার গাজীরখামার গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বজরদ্দিপাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান ২ অক্টোবর রাত সাড়ে নয়টায় নিজ বাড়ি থেকে বের হয়। এরপর আর সে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তার বাবা আবদুল হাকিম ৫ অক্টোবর মেলান্দহ থাকায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে মেলান্দহ থানার পুলিশ গত বুধবার দুপুরে হাবিবুরের বন্ধু পারভেজকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হাবিবুরকে হত্যার কথা স্বীকার করেন।
পারভেজের বরাত দিয়ে মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, হাবিবুরের সঙ্গে দীর্ঘদিন ধরে পারভেজের সমকামিতার সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি হাবিবুর ওই সম্পর্ক চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করে। ফলে ক্ষিপ্ত হয়ে হাবিবুরকে হত্যার পরিকল্পনা করেন পারভেজ। ২ অক্টোবর রাতে তিনি ওই স্কুলছাত্রকে তাঁর বাড়িতে ডেকে আনেন। তারপর তাকে শ্বাসরোধে হত্যা করে রান্নাঘরে মাটির নিচে পুঁতে রাখেন।
এসআই খায়রুল ইসলাম আরও বলেন, পারভেজের স্বীকারক্তি অনুযায়ী তাঁর বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রের বাবা আবদুল হাকিম বাদী হয়ে গত বুধবার রাতে হত্যা মামলা দায়ের করেন। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার পুলিশ ও মৃত নারীর পরিবার সূত্রে জানা গেছে, নূরজাহান বেগম গত মঙ্গলবার কাউকে কিছু না বলে নালিতাবাড়ী উপজেলার ভোগাইপাড় গ্রামে তাঁর মেয়ের জামাইবাড়ির উদ্দেশে রওনা হন।
এদিকে পরিবারের লোকজন কোথাও তাঁকে খুঁজে না পেয়ে গত বুধবার এলাকায় মাইকিং করেন। পরে গতকাল বৃহস্পতিবার
সকালে ভোগাই নদীর ভোগাইপাড় এলাকায় একজন নারীর লাশ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ
উদ্ধার করে।
পরিবারের লোকজনের ধারণা, জামাতার বাড়ি যাওয়ার পথে পা ফসকে তিনি নদীতে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।