নিখোঁজের ২০ ঘণ্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজের ২০ ঘণ্টা পর শুক্রবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত মো. নায়েব আলী মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছয় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত বৃদ্ধার ছেলে মো. ইসাহাক আলী মণ্ডল জানান, বৃহস্পতিবার সকাল নয়টার পর থেকে তাঁর মা নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে রাতে বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের মেহগনি বাগানে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। মৃতদেহটি টিন দিয়ে ঢাকা ছিল। তাঁর হাত-পা দড়ি ও কলা গাছের শুকনো আঁশ (ছাল) দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। মৃত আমেনা বেগম মৃত নায়েব আলী মণ্ডলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সংসারে তিন ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর সংসারে তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে। পারিবারিক কোনো বিবাদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নায়েব আলী মণ্ডলের ছয় ছেলেকে থানায় নেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।