নিখোঁজের ২৬ ঘণ্টা পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দিতে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর জান্নাতুল খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীদের ধারণা, জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি দাফন লাশ করায় সন্দেহ আরও বেড়ে গেছে।
জান্নাতুল হাড়োকান্দি গ্রামের কাশেম আলীর মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত রোববার সকাল ছয়টায় জান্নাতুল তাল কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন সোমবার সকাল আটটায় স্থানীয় একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। গ্রামবাসী এ ঘটনায় নিহত ছাত্রীর চাচাতো ভাই জাকির হোসেনকে (২৫) সন্দেহ করছেন। তাঁরা জাকিরকে গ্রেপ্তার করাসহ লাশের ময়নাতদন্তের দাবি জানিয়েছেন। জান্নাতুলকে জিনে হত্যা করেছে মর্মে প্রচার করায় স্থানীয় মসজিদের মোয়াজ্জিন হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনেরও শাস্তি দাবি করেছেন গ্রামবাসী।
এ ঘটনায় সোমবার আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক জিয়াউল হক বলেন, অভিভাবকদের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তিনি লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাবলে অভিভাবকের অনাপত্তি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া অপমৃত্যুর লাশ দাফনের অনুমতি দিয়ে থাকেন। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন ময়নাতদন্তে কিছুই পাওয়া যাবে না, তাহলে তিনিও অনুমতি দিলে সমস্যা নেই। তবে কোনো উপপরিদর্শকের এ ধরনের ক্ষমতা নেই।
জান্নাতুলের মা সামিনা খাতুন জানান, রোববার সকালে জান্নাতুল তাল কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজি করলে গ্রামের মসজিদের মোয়াজ্জিন হাবিবুর রহমান ও মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন জানান, জান্নাতুলকে জিনের দল মিসরে নিয়ে গেছে; সেখানে সে ভালো আছে।
গতকাল হাড়োকান্দি গ্রামে গিয়ে জানা যায়, জান্নাতুলের লাশ উদ্ধারের পর থেকে মোয়াজ্জিন হাবিবুর রহমানকে এলাকায় পাওয়া যাচ্ছে না। জান্নাতুলকে রোববার সকালে তার চাচাতো ভাই জাকির হোসেনের সঙ্গে তালবাগানে দেখেছেন বলে দাবি করেছেন ওই গ্রামের মদন কুমার (৩৫)। জাকির হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চাচাতো বোনের রহস্যজনক মৃত্যু নিয়ে গ্রামের প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে।’ নিহত ছাত্রীর বাবা কাশেম আলী বলেন, ‘মেয়ে কী কারণে মারা গেছে জানি না। না জেনে কাউকে দোষ দিতে পারি না।’