নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবায় মিলল বস্তাবন্দী লাশ
নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ রোববার সকালে নাটোরের সিংড়ার পৌর শহরের শোলাকুড়া এলাকার একটি ডোবা থেকে জনাব আলী (৫০) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সিংড়া থানার পুলিশ জানায়, গত শুক্রবার রাতে রিতা বেগম নামের এক প্রতিবেশী দুই ব্যক্তিকে দিয়ে জনাব আলীকে ডেকে পাঠান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না। তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবার পুলিশকে জানায়। গতকাল শনিবার সকালে পুলিশ রিতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। রিতা বেগমের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল নয়টার দিকে ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় জনাব আলীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, সম্পর্কজনিত কারণে জনাব আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় নিহতের ছেলে আকরাম হোসেন মামলা করেন রিতা, রিতার শ্বশুর কফিল উদ্দিন এবং রিতার মামা নজরুল ইসলামের বিরুদ্ধে। আজ রোববার তাঁদের তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।