নিখোঁজের ৫ দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর এলাকায় নিখোঁজের ৫ দিন পর জসিম উদ্দিন চৌধুরী (৩৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় চর সৈয়দপুর এলাকায় সম্রাট ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন গোগনগর এলাকার আহম্মেদ চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার শহরের গোগনগর এলাকার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জসিম উদ্দিন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনের সূত্র ধরে তাঁর স্ত্রী ময়না বেগম পরিবারের লোকজন নিয়ে চর সৈয়দপুর এলাকায় সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনের মালিকানাধীন দোতলা ভবনে সম্রাট ট্রান্সপোর্টে যান। সেখানে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে।

এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন সড়কে ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেয় দৌলত হোসেনের বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত জসিম উদ্দিন চৌধুরীর স্ত্রী ময়না বেগম জানান, তাঁর স্বামী দৌলত হোসেনের সঙ্গে জমি কেনাবেচার ব্যবসা করতেন। এর আগে তাঁর স্বামীর সঙ্গে দৌলত হোসেনের ঝগড়া হয়েছিল। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।