নিখোঁজের ৫ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে নিখোঁজের পাঁচ দিন পর নিরব হোসেন (৬) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের পেছনের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিরব কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামের আবদুল বারেক তালুকদারের ছেলে।
থানা-পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, ৮ নভেম্বর দুপুরে নিরব বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়। বিকেল পর্যন্ত তাকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে রাতেই শিশুটির বাবা আবদুল বারেক তালুকদার বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়ের পেছন থেকে দুর্গন্ধ বের হলে লোকজন গিয়ে একটি শিশুর গলিত লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিরবের স্বজনেরা লাশ উদ্ধারের খবর পেয়ে গিয়ে লাশটি শনাক্ত করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, লাশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।