আবদুল্লাহর লাশ নিতে চায় না পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহতের নয় ‘জঙ্গি’র মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের রাজমিস্ত্রি সোহরাব আলীর (৬৫) ছেলে আব্দুল্লাহ গত এক বছর ধরে নিখোঁজ ছিলেন। লাশ নিতে চায় না তার পরিবার।

রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত নয় ‘জঙ্গি’র মধ্যে সাতজনের পরিচয় প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার রাতে ডিএমপি নিউজ ও ডিএমপির নিজস্ব ফেসবুক পেজে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়। এদের মধ্যে আব্দুল্লাহর বাড়ি দিনাজপুরে নবাবগঞ্জে।

আজ বুধবার রাত ৯টার দিকে সরেজমিনে বল্লভপুর গ্রামে গিয়ে জানা যায়, গ্রামের মসজিদের পশ্চিম পার্শ্বেই আব্দুল্লাহর বাড়ি। ইটের তৈরি টিনের ছাউনি দেওয়া বাড়ি। বাড়িতে গেলে সোহরাব আলী প্রথম আলোকে জানান, তাঁর পাঁচ ছেলে এক মেয়ে। আব্দুল্লাহ ভাইদের মধ্যে চতুর্থ।

আবদুল্লাহর বড় ভাই রাজমিস্ত্রি নুর ইসলাম প্রথম আলোকে জানান, জন্মের পর তাঁরা আব্দুল্লাহ নাম রাখেন মো. মোতালেব। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। তখন পর্যন্ত আব্দুল্লাহর নাম ছিল মোতালেব। পঞ্চম শ্রেণি পাস করার পর আব্দুল্লাহকে ভর্তি করা হয় হাকিমপুর উপজেলার বাংলা হিলি আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষকেরা তখন তার নাম আব্দুল্লাহ রাখেন। সেখানে সে প্রায় বছর খানেক লেখাপড়া করে। এরপর সে নওগাঁর সাপাহারের একটি মাদ্রাসায় বছর দু-এক দাওরা পড়েন। তারপর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাজিরবাগ মাদ্রাসা থেকে ২০১০ সালে জিপিএ-৫ নিয়ে দাখিল এবং ২০১২ সালে আলিম পাস করেন।

সনদ অনুযায়ী আব্দুল্লাহর জন্ম ১৯৯৩ সালের ১৫ জানুয়ারি। আলিম পাসের পর আবদুল্লাহ নৌবাহিনীতে চাকরির চেষ্টা করছে বলে তার পরিবারকে জানায়।

গত এক বছর থেকে বাড়ি থেকে খরচ নেওয়া বন্ধ করে দেয় আব্দুল্লাহ। সেই সঙ্গে বাড়িতেও আসেনি। তবে মুঠোফোনে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ খরচ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ তার পরিবারকে জানায় যে, সে প্রাইভেট ও কোচিং করাচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী প্রথম আলোকে জানিয়েছেন আব্দুল্লাহর পুরো পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। তবে আব্দুল্লাহর বড় ভাই নুর ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে তারা আবদুল্লাহ লাশ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, এলাকাবাসী আব্দুল্লাহ লাশ এলাকায় ঢুকতে দেবেন না বলে পুলিশ জানতে পেরেছে।