নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার, দুজন গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গতকাল বুধবার শফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের রাধা বল্লবপুর গ্রামে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কাফ্রিখাল ইউনিয়নের রাধা বল্লবপুর গ্রামের আবদুল আলীম (৪০) ও ফজলু (৪২)।
মিঠাপুকুর থানার পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে শফিকুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গত সোমবার রাতেই হত্যার পর লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, লাশের একটি চোখ ক্ষতবিক্ষত, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শফিকুলের স্ত্রী কাচমতি বেগম বলেন, সোমবার সকালে তাঁর স্বামী কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুয়মায়ূন কবীর প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কাচমতি বেগম বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।