নিখোঁজ চা-শ্রমিকের মাথার খুলি ও হাড় উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত এলাকা থেকে আজ মঙ্গলবার এক ব্যক্তির মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। খুলি ও হাড়ের সঙ্গে উদ্ধার হওয়া প্যান্ট দেখে সেগুলো নিখোঁজ চা-শ্রমিক দিলীপ পার্শীর (৩০) বলে শনাক্ত করেছেন তাঁর স্বজনেরা।
দিলীপ উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের বাজারটিলা এলাকার শ্যামসুন্দর পার্শীর ছেলে। আরেক চা শ্রমিকসহ দুই মাস আগে তিনি নিখোঁজ হন।
পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ ও রাধেশ্যাম ভর (৩৫) নামের চাতলাপুর বাগানের আরেক শ্রমিক প্রায় দুই মাস আগে নিখোঁজ হন। এর কিছুদিন পর চাতলাপুর সীমান্তের ভারতীয় এলাকার জঙ্গল থেকে সে দেশের পুলিশ হাত-পা বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝোলানো অবস্থায় রাধেশ্যামের লাশ উদ্ধার করে। কিন্তু দিলীপের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ দুপুর ১২টার দিকে কয়েকজন শ্রমিক চাতলাপুর সীমান্তের ১৮৭২ ও ১৮৭৩ নম্বর প্রধান সীমান্ত খুঁটির মধ্যবর্তী স্থানে বাংলাদেশ অংশের জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি বিজিবির চাতলাপুর ক্যাম্পের কর্মকর্তাদের জানান। বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুলি, হাড় ও একটি প্যান্ট উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে প্যান্ট দেখে দেহাবশেষ দিলীপের বলে শনাক্ত করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম তালুকদার মোবাইলে প্রথম আলোকে বলেন, দিলীপ পার্শীর স্বজনেরা তাঁর দেহাবশেষ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য দিলীপের দেহাবশেষ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।