নিখোঁজ ছিলেন অন্যতম 'পরিকল্পনাকারী' রাশেদ
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ আসলাম হোসেন ওরফে রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাশেদ ও তাঁর বাবা আবদুস সালাম গত বছরের জুন মাসে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না তাঁর। শুক্রবার ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার হন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আবদুস সালামের ছেলে আসলাম হোসেন। পরিবার ও এলাকাবাসীর কাছে ‘মোহন’ নামেই বেশি পরিচিত আসলাম। পাঁচ-ছয় বছর আগে আর্থিক অনটন ও মামলার কারণে আবদুস সালাম তাঁর স্ত্রী নাছিমা বেগম, ছেলে আসলাম ওরফে মোহন ও মেয়ে জেসমিন আখতারকে নিয়ে রাজশাহীর নওহাটা মথুরা নওদাপাড়ায় তাঁর শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন।
আসলামের মা নাছিমা বেগম বলেন, ‘গত বছরের ১১ রোজায় (জুন মাস) ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মোহন। এর দু-তিন পর তাঁর বাবাও নিখোঁজ হয়। এরপর থেকেই তাদের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ নেই। এখন তারা কোথায় কী অবস্থায় আছে, তার কিছুই জানি না। আমার ছেলে গ্রেপ্তার হয়েছে কি না, তা-ও এখন পর্যন্ত জানি না।’
নাছিমা বেগম বলেন, ‘আসলাম রাজশাহীর নওহাটা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে রাজশাহী মডেল কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়। প্রথম বর্ষে পড়াশোনা করা অবস্থায় নিখোঁজ হয় সে। এর কয়েক দিন পরে তার বাবাও নিখোঁজ হয়।’
আসলামের চাচা আবুল কালাম আজাদ বলেন, ‘মোহনের বাবা আবদুস সালামের বিরুদ্ধে পাঁচ-ছয় বছর আগে চেক ডিজওনারের একটি মামলা হয়। মামলার পর পরিবার নিয়ে তিনি রাজশাহীতে শ্বশুরবাড়িতে চলে যান। এরপর থেকে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। তারাও আর কোনো দিন গ্রামের বাড়িতে আসেনি।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, রাশেদ বা আবু জাররা নামে মান্দায় কেউ তাঁকে চেনে না। মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আসলাম হোসেন ওরফে মোহন নামের এক ছেলের খোঁজ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আসলাম হোসেনই জঙ্গি রাশেদ। তাঁর পরিবার পাঁচ-ছয় বছর আগে কাঞ্চনপুর থেকে রাজশাহীতে চলে গেছে। আসলামের বাবা আবদুস সালাম চেক ডিজওনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
আরও পড়ুন...