নিখোঁজ নিরাপত্তাকর্মীর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গিরু মিয়া মোল্লা (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গিরু মিয়া ধানমন্ডির ১৪ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ধানমন্ডির ১৩ নম্বর বাসা থেকে পচা গন্ধ বের হলে ওই বাসার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচের ফাঁকা জায়গা থেকে গিরু মিয়ার গলিত লাশ উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথার ডান পাশে আঘাতের চিহ্ন ও বাঁ পা ভাঙা ছিল।

এসআই মাসুদ আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে গিরু মিয়া নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গিরু মিয়ার ছেলে রেজাউল করিম বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।