নিখোঁজ ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর রবিউল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার জীবননগর উপজেলা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের অভিযোগ, গতকাল মঙ্গলবার কয়েক যুবক অস্ত্রের মুখে রবিউলকে অপহরণ করে নিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না।
জীবননগর থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, নিহত রবিউলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুরে। গতকাল সকাল দশটার দিকে ফোনে কে বা কারা তাঁকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর মুঠোফোনও ছিল বন্ধ। আজ বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি গ্রামের কাটাখাল সেতুর পাশে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাঁর বুকের বাম ও ডান পাশে তিনটি এবং বাম হাতে একটি গুলির ছিদ্র রয়েছে।
রবিউলের স্ত্রী খাদিজা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী কৃষিকাজ করতেন। তাঁরা লোকমুখে জানতে পেরেছেন, বাড়ি থেকে বের হওয়ার কিছু দূর গেলে রবিউলকে কয়েক যুবক অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খাদিজা বলেন, এমন তথ্য পেয়ে তাঁরা থানা ও ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি।
জানতে চাইলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, রবিউল একটি চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। একটি ছিনতাই মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন। সম্প্রতি জামিনে বেরিয়ে এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা থানায় দুটি হত্যা মামলা আছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সন্ত্রাসীরা অপহরণ করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে নেমেছে।