নিখোঁজ ব্যক্তির লাশ গোয়ালঘর থেকে উদ্ধার
নিখোঁজ হওয়ার ১৮ দিন পর গোয়ালঘর থেকে মশিউর রহমান ওরফে মিছলু (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের গুরারাই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মশিউর রহমান মৌলভীবাজার পৌরসভার কাজীরগাঁও এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। গত বছর ১৫ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর ফুফাতো ভাই শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মশিউর রহমান গত ১৪ ডিসেম্বর স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামে বেড়াতে যান। পরদিন বেলা দুইটার দিকে কাজীরগাঁওয়ে ফেরার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
এদিকে পুলিশ মশিউর রহমানের মুঠোফোন ট্র্যাক করে সেটি মনুমুখ ইউনিয়নের পূর্ব সাধুহাটি গ্রামের ছায়ারুন বেগম নামের এক নারীর কাছ থেকে উদ্ধার এবং তাঁকে আটক করে। এর সূত্র ধরে গত বৃহস্পতিবার গুরারাই গ্রাম থেকে পুলিশ শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার গুরারাই গ্রামে শফিকুরের বাড়ির পরিত্যক্ত গোয়ালঘরের মাটির গর্ত থেকে মশিউরের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে শফিকুর রহমান পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছেন।