নিখোঁজ ব্যবসায়ীর লাশ পাহাড়চূড়ার গর্তে
নিখোঁজ হওয়ার দুই দিন পর পাহাড়ের চূড়ায় গর্তে পাওয়া গেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরবাজারের ব্যবসায়ী ইউনুছ আলীর (৩৫) লাশ। হরিপুরের খানবাগান নামের একটি পাহাড়ের চূড়ার গর্ত থেকে গতকাল বুধবার সকালে পুলিশ তাঁর গলা কাটা লাশ উদ্ধার করে।
পুলিশের সঙ্গে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কলেজছাত্রসহ চারজনকে আটক করেছে।
হরিপুরবাজারের একটি রেস্তোরাঁ ও মৎস্য খামারের মালিক ইউনুছ গত সোমবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুরের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ইউনুছ আলীকে গত সোমবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না। ওই রাতেই তাঁর বাবা ইব্রাহিম আলী জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ইউনুছ নিখোঁজ হন। এর পরদিন হরিপুর গ্রামের জুয়েল আহমদ (২২), লামাশামপুর গ্রামের রাসেল আহমদ (২৫), বেলাল আহমদ (২২), কয়েছ আহমদ (২৬) নামের চার যুবককে আটক করে পুলিশ। এঁদের মধ্যে জুয়েল কলেজছাত্র ও বাকি তিনজন পেশায় গাড়িচালক।
আটক ব্যক্তিদের কাছে তথ্য পেয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় হরিপুরের শামপুর এলাকার খানবাগান পাহাড়ের নিচ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে। গতকাল সকাল সাতটার দিকে পুলিশ খানবাগান পাহাড়ের চূড়ার একটি গর্ত থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে ইউনুছের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন লাশ শনাক্ত করলে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, গলায় গভীর ক্ষত ছাড়াও মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। সোমবার রাতেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ গুম করার উদ্দেশ্যেই গর্তে ফেলে রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইউনুছের চার সন্তান ও স্ত্রী রয়েছে। হরিপুর বাজারে তাঁর একটি রেস্তোরাঁ ও একটি মৎস্য খামার রয়েছে। নিখোঁজ হওয়ার দিন ইউনুছের সঙ্গে মৎস্য খামারের আড়াই লাখ টাকা ছিল। ইউনুছের বাবা ইব্রাহিম জানান, টাকা লুট করতেই দুর্বৃত্তরা তাঁকে আটকে রেখেছে বলে তাঁরা ধারণা করেছিলেন। কিন্তু এভাবে খুন করা হবে তা বুঝতে পারেননি।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক চারজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। টাকা লুটের উদ্দেশ্যেই তাঁকে খুন করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।