
প্রশাসনের লোক পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি গত শুক্রবার ঝিনাইদহের ব্যবসায়ী তৈবুর রহমানকে ধরে নিয়ে যায়। গত চার দিনেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তৈবুরের স্ত্রী তানিয়া আক্তার ঝিনাইদহ সদর থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ তৈবুর আরাপপুর এলাকার আজিজুর রহমানের ছেলে। ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে তাঁর একটি মোটরগাড়ি মেরামতের কারখানা রয়েছে।
তানিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় তাঁর স্বামী ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পথিমধ্যে শহরের আরাপপুর এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে একটি মাইক্রোবাস তাঁর গতিরোধ করে। মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাঁকে গাড়িতে উঠতে বলে। আপত্তি জানালে অস্ত্র দেখিয়ে তৈবুরকে গাড়িতে তুলে নেওয়া হয়। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত কেউ কোনো টাকাপয়সা চায়নি।
তানিয়া আরও জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা তাঁকে বলেন, মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা সবাই সাদাপোশাকে ছিল। তবে সবার হাতে অস্ত্র ছিল। এরপর তিনি পুলিশ ও প্রশাসনের নানা দপ্তরে খোঁজ করেছেন। কিন্তু কেউ তৈবুরকে আটক করার কথা স্বীকার করছেন না।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ব্যবসায়ী তৈবুর রহমানকে প্রশাসনের কেউ আটক করেনি। পুলিশের পাশাপাশি র্যা ব সদস্যরাও তাঁকে উদ্ধারে তৎপর রয়েছেন। প্রশাসনের লোক পরিচয় দিয়ে উঠিয়ে নেওয়া প্রসঙ্গে জানান, অভিযোগটি সঠিক নয়।