নিখোঁজ ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের নিখোঁজ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রবির (৫০) গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১০ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের নয়নাগাড়ি মাঠ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রবিউল ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামের আবুল মিয়ার ছেলে। তিনি সার ও কীটনাশকের ব্যবসায়ী ছিলেন।

লাশের অবস্থা দেখে পুলিশের ধারণা, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় রবিউলকে হত্যা করা হয়েছে। এ ছাড়া লাশটি মাটির ওপর উপুড় হয়ে পড়েছিল। একটি মাফলার দিয়ে চোখ ও অন্য একটি মাফলার দিয়ে রবিউলের হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। মাথার ডানদিক দিয়ে গুলি ঢুকে বামপাশ দিয়ে বেরিয়ে গেছে।

কুতুবপুর ইউনিয়নের সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বায়েজিদ হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে তাঁরা সকাল সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে বেলা ১০টার দিকে ঝিনাইদহ শহরের ডায়াবেটিক হাসপাতাল পাড়ার বাসিন্দা আশরাফুজ্জামান নিহতের লাশ তাঁর বেয়াই রবিউল ইসলামের বলে শনাক্ত করেন।

আশরাফুজ্জামান প্রথম আলোকে জানান, গত ১০ নভেম্বর একটি মামলায় হাজিরা দিতে ঝিনাইদহ শহরে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ। আত্মীয়স্বজন চার দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন। আজ সকালে লোকমুখে ভুলটিয়ায় একটি লাশ পড়ে থাকার খবর শোনার পর তিনি ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এসএম কামরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।