চট্টগ্রামের সীতাকুণ্ডের ব্যবসায়ী মো. সেলিম (৩৮) নিখোঁজ হন গত মঙ্গলবার। তিন দিন পর গত শুক্রবার রাতে তাঁর লাশ মিলল ডোবায়। সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ের পাদদেশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সেলিম সলিমপুর ইউনিয়নের ফকিরহাট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। চট্টগ্রামের বালুছড়া এলাকায় প্রসাধন সামগ্রীর দোকান ছিল তাঁর। তিনি স্ত্রী ও সাত বছরের মেয়েকে নিয়ে বালুছড়ায় ভাড়া বাসায় থাকতেন।
সেলিমের স্ত্রী তাসকিয়াতুল আবরার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় তাঁর স্বামী বালুছড়ার ভাড়া বাসা থেকে বের হয়ে সীতাকুণ্ডের গ্রামের বাড়িতে যান। সেখান থেকে সাড়ে নয়টায় রেয়াজউদ্দিন বাজারের উদ্দেশে বের হন। দুপুরের পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গত শুক্রবার বিকেলে সেলিমের লাশ ডোবায় ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা তাঁর পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করেন। নিহত সেলিমের গলায় দাগ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।