নিখোঁজ যুবকের বালুচাপা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের এক সপ্তাহ পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার বালুর চর থেকে গতকাল বুধবার ইমরান প্রামাণিক (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতদিয়া ফেরিঘাট থেকে পূর্বে চর করনেশনা এলাকায় বালুর মধ্যে লাশটি পাওয়া যায়।
ইমরান উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার মজিবর প্রামাণিকের ছেলে। ইমরানের বড় ভাই ফিরোজ প্রামাণিক জানান, ইমরান ঢাকার একটি ডকইয়ার্ডে কাজ করতেন।
গত ২৫ জানুয়ারি তিনি বাড়িতে ফিরে আসেন। ২৯ জানুয়ারি রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গত সোমবার বিষয়টি থানায় জানানো হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চাচাতো ভাই ও এক মামাকে সঙ্গে নিয়ে তিনি চরাঞ্চলে খুঁজতে বের হন। দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার পূর্ব দিকে চর করনেশনা এলাকার পদ্মার দুর্গম বালুর চরে কিছু কাক ও কুকুর দেখে তাঁরা এগিয়ে যান। সেখানে বিকৃত মুখ ও পরনের পোশাক দেখেই তাঁরা ইমরানের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পদ্মার বালুর চর থেকে চাপা দেওয়া অবস্থায় তাঁরা লাশটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যা সম্পর্কে বলা যাবে।
তিনি আরও জানান, ইমরান নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় জানানোর বিষয়টি সঠিক নয়। তাঁর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। ২০১৩ সালের ৩ আগস্ট তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলাও আছে।