নিখোঁজ যুবলীগ নেতা অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের চার দিন পর যুবলীগের নেতা ও ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল হালিমকে (৩৫) গতকাল সোমবার আটক করা হয়েছে। হালিম দোড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জহুর আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, হালিম অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো বাজার এলাকায় অবস্থান করছেন এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভোর রাত চারটার দিকে আবদুল হালিমকে আটক করে। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। আজবাহার আলী শেখ আরও জানান, আটক হালিমের বিরুদ্ধে ১০টি হত্যা, ২টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হচ্ছে।
এদিকে হালিমের ভাই আবদুর রাজ্জাক বলেন, গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর বাজারে তাঁর নিজের দোকান থেকে সাদাপোশাকের পুলিশ হালিমকে উঠিয়ে নিয়ে যায়। সেই থেকে হালিম নিখোঁজ ছিল। এখন পুলিশ বলছে তাকে ডাকবাংলো থেকে আটক করা হয়েছে।