এক বছর আগে নিখোঁজ যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে আজ মঙ্গলবার সকালে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এটি এক বছর আগে নিখোঁজ পৌর যুবলীগ নেতার কঙ্কাল। হত্যার পর তাঁর লাশ সেখানে ফেলে দেওয়া হয়েছিল।
ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের বলেন, নিহত ওই ব্যক্তি পৌর যুবলীগের সহসভাপতি। তাঁর নাম এ টি এম তারেকুল হাসান।
২০১৫ সালের ২ জুলাই দেবীদ্বার থেকে নিখোঁজ হন তারেকুল। একই মাসের ১৩ তারিখ এ ঘটনায় দেবীদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গত রোববার সন্দেহভাজন লিমনকে ও আজ মঙ্গলবার ভোরে হৃদয়কে গ্রেপ্তার করে।

ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দের ভাষ্য, গ্রেপ্তার হওয়া হৃদয়ের দেওয়া তথ্য অনুযায়ী ঠাকুরপাড়ায় পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তারেকুলের কঙ্কাল উদ্ধার করা হয়। হৃদয় পুলিশকে জানান, ঠাকুরপাড়ার কাছে শ্মশানঘাট এলাকায় গুলি করে হত্যা করার পর তারেকুলের লাশ তাঁরা ওই বাড়িতে নিয়ে আসেন। প্রথমে লাশটি মাটিতে পুঁতে ফেলা হয়। কয়েক দিন পরে সেপটিক ট্যাংকে ফেলে দেন। হৃদয় ও লিমন ছাড়াও হত্যাকাণ্ডে আরও সাত থেকে আটজন জড়িত ছিলেন।
গ্রেপ্তার হওয়া হৃদয় ও লিমনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
দেবীদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানি বলেন, তারেকুল পৌর যুবলীগের ৪ নম্বর সহসভাপতি।