নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ
তিন দিন নিখোঁজ থাকার পর নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদি এলাকায় দুর্জয় কুমার দাস (১০) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার বাড়ির পাশে খেলতে গিয়ে দুর্জয় নিখোঁজ হয়। সে রাজাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। বাবার নাম বিজন চন্দ্র দাস।
দুর্জয়ের পরিবার বলছে, সোমবার বিকেল পৌনে চারটার দিকে দুর্জয় রাজাদি স্কুলমাঠে খেলতে যায়। সন্ধ্যা হলেও সে ফিরে আসেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজ করে দুর্জয়কে পায়নি।
গত মঙ্গলবার বাবা বিজন সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে বাড়ির পাশে একটি কলাবাগানে দুর্জয়ের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বাবা শনাক্ত করার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্জয়ের মা নীরা দাস বলেন, ‘বাড়ির পাশে কলাবাগানে আমার বাবা পড়ে রইছে, সেটা আমরা কেন দেখলাম না। আমার বাবারে তোমরা আইনা দাও। কেডা আমার বাবারে মারছে, কেন মারছে, কিছু বুঝে উঠতে পারছি না।’
দুর্জয়ের বাবা বলেন, ‘যেহেতু আমি মেম্বার ছিলাম, কারও সঙ্গে শত্রুতা থাকলে আমার সঙ্গে থাকতে পারে। আমার শিশুকে কেন হত্যা করল?’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্জয়ের বাবার করা জিডি হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।