নিখোঁজ শিশুর ট্রাঙ্ক বন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই বছর বয়সী কন্যা শিশু দৃষ্টি। ফাইল ফটো।
আড়াই বছর বয়সী কন্যা শিশু দৃষ্টি। ফাইল ফটো।

নিখোঁজের একদিন পর নাটোরের গুরুদাসপুর উপজেলায় আড়াই বছর বয়সী কন্যা শিশু দৃষ্টির ট্রাঙ্ক বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আজ শনিবার বিকেলে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের হরিবাসর এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে নিখোঁজ হয় সে। নিহত দৃষ্টি ওই এলাকার চা-বিক্রেতা মোহন ঘোষ ও লক্ষ্মীরানীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির খোঁজে গতকাল থেকে শুরু করে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। পরে বিকেল তিনটা ২০ মিনিটের দিকে প্রতিবেশী প্রদীপ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রদীপের ঘরের খাটের নিচে একটি টিনের ট্রাঙ্কের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো দৃষ্টির লাশ পাওয়া যায়। বিকেলেই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রদীপ প্রামাণিক (৪০), তাঁর স্ত্রী রীতা রানী (৩৫) তাঁদের ছেলে হৃদয় (১৫) ও ছোট ভাই ব্রজ প্রামাণিককে (২২) আটক করেছে পুলিশ।

মোহন ঘোষের ভাই বাসুদেব ঘোষ বলেন, গতকাল সকালে শিশু দৃষ্টি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তার খোঁজ শুরু করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রথম আলোকে বলেন, দৃষ্টি খোঁজে প্রথমে আশপাশের ডোবা, নালা ও নন্দকুঁজা নদীতে তল্লাশি চালায় পুলিশ। পরে সন্দেহজনক বেশ কিছু বাড়িতে তল্লাশি চালানো হয়। সন্দেহ হওয়ায় গতকাল সন্ধ্যার আগে স্থানীয় প্রদীপের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়।

মেয়ে দৃষ্টির লাশ উদ্ধারের খবর শুনে মা লক্ষ্মীরানীর আহাজারি। ছবি: আনিসুর রহমান
মেয়ে দৃষ্টির লাশ উদ্ধারের খবর শুনে মা লক্ষ্মীরানীর আহাজারি। ছবি: আনিসুর রহমান

নিহত দৃষ্টির বাবা মোহন ঘোষ বলেন, তিনি সাধারণ মানুষ। বাড়ির সামনে চায়ের দোকান দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। নিষ্পাপ মেয়েটিকে এভাবে হত্যা করা হবে, বিষয়টি তাঁর ভাবতে পারেননি। মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাবেক সাংসদ আবুল কাশেম সরকার ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী। তাঁরা প্রথম আলোকে বলেন, এমন নির্মম ঘটনা গুরুদাসপুরে আগে ঘটেনি। হত্যাকারীদের কঠিন শাস্তি দাবি করেন তাঁরা।

ওসি দিলীপ কুমার আরও বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে দৃষ্টিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতার কারণে লাশ গোপন করতে পারেনি। তিনি আরও বলেন, শিশু দৃষ্টির শরীরে নির্যাতনের আলামত দেখে মনে হয়েছে সে যৌন নির্যাতনের শিকার। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আটক চারজন থানা হেফাজতে আছেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।