নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছয় বছরের এক কন্যাশিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার হবিরবাড়ি এলাকার একটি মাজারসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হতে পারে।
পুলিশের ভাষ্য, লাশের সুরতহালে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ধর্ষণের ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির নাম ইমা। তার বাবার নাম আবদুল হেকিম আর মায়ের নাম বানেছা। তাদের বাড়ি জামালপুর জেলার দেওয়াগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামে। আবদুল হেকিম একটি মাছের খামারে ও বানেছা একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা হবিরবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। এই দম্পতির নয় বছর বয়সী বিপ্লব নামের এক ছেলে রয়েছে। সে বুদ্ধিপ্রতিবন্ধী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা–মা সারা দিন কাজে থাকায় ইমা নিজের মতো ঘুরে বেড়াত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাবা-মা কাজ থেকে বাড়ি ফিরে ইমাকে না পেয়ে রাতভর নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে রাতে স্থানীয় একটি মসজিদের মাইকে ইমার সন্ধান চেয়ে ঘোষণা দেওয়া হয়। আজ ভোরে এলাকাবাসী হবিরবাড়ি এলাকায় একটি মাজারের কাছে বাঁশঝাড়ে ইমার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে শিশুটির বাবা-মা লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ইমার বাবা আবদুল হেমিক বলেন, ‘হবিরবাড়ি এলাকায় আমার মেয়েকে হত্যা করার মতো কোনো শত্রু নেই। মেয়েকে ধর্ষণ করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হত্যা করা হয়েছে। যাঁরা আমার মেয়েকে হত্যা করেছে আমি তাঁদের বিচার চাই।’
আজ বিকেলে আবদুল হেকিম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কর্মজীবী মেস থেকে চারজনকে আটক করেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, নিহত শিশুটির যৌনাঙ্গ দেখে ধর্ষণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।