নিখোঁজ শিশুর লাশ মিলল বাক্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৯ ঘণ্টা পর খোঁজ পেলেন মেয়ের। কিন্তু জীবিত নয়, লাশ। স্বজনদের কোনো সান্ত্বনাই থামাতে পারছে না মা মমতাজ বেগমের কান্না। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের বাদুরতলার শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকার বাসা থেকে তোলা l সৌরভ দাশ
৩৯ ঘণ্টা পর খোঁজ পেলেন মেয়ের। কিন্তু জীবিত নয়, লাশ। স্বজনদের কোনো সান্ত্বনাই থামাতে পারছে না মা মমতাজ বেগমের কান্না। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের বাদুরতলার শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকার বাসা থেকে তোলা l সৌরভ দাশ

বাসা থেকে তিন শ গজ দূরেই বাবার কর্মস্থল। মঙ্গলবার দুপুরে বাবার কাছে যেতে বাসা থেকে বের হয় নয় বছরের শিশু সালমা। এরপর আর বাসায় ফেরেনি শিশুটি। এমনকি বাবার কাছেও যায়নি সে। ৩৯ ঘণ্টা খোঁজাখুঁজির পর বাসার পাশে একটি বাণিজ্যিক ভবনে শিশুটির বাক্সবন্দী লাশ পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, দেড় দিন আগে শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ ও স্বজনেরা।

শিশু সালমা শাহ আমানত হাউজিং সোসাইটিতে একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকত। সালমার বাবা মো. সোলায়মান ওই বাসা থেকে তিন শ গজ দূরে নগরের বহদ্দারহাট মোড়ে একটি বাস কাউন্টারে টিকিট বিক্রির কাজ করেন।

সালমার বাবা মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাঁর স্ত্রী মমতাজ বেগম ইফতারের খালি বাক্স আনতে মেয়েকে তঁার কাছে পাঠান। কিন্তু দুই ঘণ্টাতেও মেয়ে বাবার কাছে না পৌঁছায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। খোঁজ না মেলায় সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সোলায়মান।

শিশুটির বাবা আরও বলেন, জিডি করার পর পুলিশ রাতে এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বাসার পাশের একটি মার্কেটের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ নিয়ে দেখেন তাঁরা। ওই ফুটেজে দেখা যায়, বাসার গলির মুখে নঈমি ভবন নামের একটি বাণিজ্যিক ভবনের ভেতরে ঢুকছে সালমা। এরপর পুলিশ ও স্বজনেরা ওই তিনতলা ভবনে তল্লাশি চালায়। কিন্তু সালমার খোঁজ পাওয়া যায়নি।

শিশুটির মামা মো. মহিউদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে নঈমি ভবনের সামনে দাড়িয়ে দুর্গন্ধ পান তিনি। এরপর পুলিশকে খবর দিয়ে তাঁরা কয়েকজন মিলে ওই ভবনে আবার খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ভবনের তৃতীয় তলায় সিড়িঘরে ময়লার স্তূপের মধ্যে একটি কাঠের বাক্সের ভেতর সালমার লাশ দেখতে পান। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে গিয়ে শিশুটির মা মমতাজ বেগমকে বিলাপ করতে দেখা যায়।

পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, লাশটিতে পচন ধরায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা সেটি ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। নঈমি ভবনের নিচতলার নীলু দাশ নামের এক দরজি দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।