নিখোঁজ সহপাঠীর সন্ধান চেয়ে সড়ক অবরোধ ইন্টার্নি চিকিৎসকদের

নিখোঁজ সহপাঠীর সন্ধান চেয়ে আজ শনিবার পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা।
সড়ক অবরোধকারী ইন্টার্নি চিকিৎসকেরা বলেন, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি হোটেল থেকে নাশতা করে বের হওয়ার সময় দুর্বৃত্তরা ইন্টার্নি চিকিৎসক শামীম খানকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এর পর থেকে শামীম নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শামীমের সন্ধান চেয়ে দুপুর পৌনে ১২টা থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে অবরোধ করেন তাঁর সহপাঠীরা। প্রশাসন শামীমকে খুঁজে বের করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা বেলা পৌনে দুইটার দিকে অবরোধ তুলে নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস অবরোধ তুলে নেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।