নিখোঁজ সাংবাদিকের হাড়গোড় উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী হোসেনপুর এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার রাতে এক ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে। পুলিশের ধারণা, এই হাড়গোড় ছয় মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হওয়া আবদুর রউফ নামের এক সাংবাদিকের।
সোনারগাঁ থানার ওসি কামরুল ইসলাম জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী বোরো ধানের জমিতে চাষ করার জন্য কয়েকজন কৃষক কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় তাঁরা বস্তাবন্দী অবস্থায় একটি লাশের হাড়গোড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। গতকাল সোমবার রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি হাড়, একটি মানিব্যাগ, পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করে। পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয়, লাশটি গত ১৮ জুন রাতে ঢাকার মিরপুর ১ নম্বর এলাকা থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক আবদুর রউফের। তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অপরাধচিত্র-এর স্টাফ রিপোর্টার ও কাপড় ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয়। জোয়ারের পানিতে লাশ নদীর তীরবর্তী জমিতে উঠে কচুরিপানায় ঢাকা পড়ে। আবদুর রউফ নিখোঁজ হওয়ার পর ২২ জুন তাঁর স্ত্রী ইতি বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মিরপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
আবদুর রউফের স্ত্রী ইতি বেগম প্রথম আলোকে জানান, ‘ব্যবসায়িক দ্বন্দ্ব ও পেশাগত কারণেই আমার স্বামীকে সন্ত্রাসীরা অপহরণের পর হত্যা করে। তাঁর পরনের পোশাক, জুতা, মানিব্যাগ দেখে আমরা নিশ্চিত হয়েছি উদ্ধার করা হাড়গোড় আমার স্বামীর।’
ঢাকার মিরপুর থানার এসআই ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জামান জানান, সঠিক পরিচয় শনাক্ত করার জন্য উদ্ধার করা হাড়ের ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেয়ে আবদুর রউফের হাড়গোড় বিষয়ে নিশ্চিত হওয়া গেলে অপহরণ মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।