নিখোঁজ হওয়ার তিন দিন পর শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর কাউসার মিয়া নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে শিশুটিকে একটি মসজিদের মেঝেতে শোয়া অবস্থায় পাওয়া যায়।
কাউসার নান্দাইলের দেওয়ানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। শিশুটির বাবা মো. সিরাজ উদ্দিন ওরফে সিরু মিয়া গতকাল বলেন, তিনি সাইকেল ও রিকশা মেরামতের কাজ করেন। গত সোমবার তাঁর ছেলে বিদ্যালয়ে যায়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে আর ফেরেনি। পরে ওই দিন রাত আটটার দিকে তাঁর মুঠোফোনে একটি কল আসে। সে সময় তাঁর কাছে ছেলের মুক্তিপণ বাবদ সাত লাখ টাকা দাবি করা হয়। শিশুটির মা সুফিয়া খাতুন বলেন, গতকাল ফজরের নামাজের আগে মসজিদের মাইকে তাঁর ছেলেকে পাওয়ার ঘোষণা দেওয়া হয়। শিশুটি জানায়, গত দুই দিনে তাকে কিছু খেতে দেওয়া হয়নি।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, শিশুটির মা-বাবাকে মামলা করতে বলা হয়েছে। মামলা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।