নিখোঁজ হওয়ার ৪০ দিন পর লাশ উদ্ধার, আটক ১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার ৪০ দিন পর গতকাল মঙ্গলবার রাতে আইয়ুব আলী (৬০) নামের এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আইয়ুবের ছেলেকে আটক করেছে পুলিশ।
উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে আইয়ুবের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি একই গ্রামে। আটক হওয়া ছেলের নাম আবদুল জলিল (২৮)।
পুলিশ, পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, গত ৫ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হন আইয়ুব। পরদিন তাঁর মেয়ে কুলসুমা বেগম কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আইয়ুবকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে ২০ সেপ্টেম্বর মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগ দেন কুলসুমা। এতে আইয়ুবের চাচাতো ভাই সফর উল্লাহসহ পাঁচ ব্যক্তিকে আসামি করা হয়। আদালত অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করে তদন্তের জন্য কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় কিছু লোক আইয়ুবের বাড়ির দক্ষিণে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। বাড়িটির পেছনে একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি আইয়ুবের বলে শনাক্ত করেন স্বজনেরা।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আইয়ুবকে জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আইয়ুবের ছেলে জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পরিদর্শক আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।