বঙ্গোপসাগরে গিয়ে এক মাস ধরে নিখোঁজ ১৬ জেলেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উদ্ধারসহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাগেরহাটের শরণখোলার জেলেরা। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মণ্ডলের কাছে হস্তান্তর করেন।
জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা শাখার ব্যানারে গতকাল বেলা ১১টার সময় বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বটতলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ইউপি সদস্য ওয়াদুদ আকন, মৎস্যজীবী সমিতির সহসভাপতি মো. দুলাল ফরাজী, সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজী, মৎস্যজীবী নেতা এইচ এম শাহীন, আ. রহিম খলিফা প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে শরণখোলার এফবি মুক্তি ট্রলারসহ ১৬ জন জেলে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাঁদের পরিবার এখন আর্থিক অনটনের মধ্যে উদ্বেগে দিন কাটাচ্ছে। কিন্তু ওই জেলেদের উদ্ধারে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় শরণখোলাবাসী চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ। তাঁরা রাস্ট্রীয় ব্যবস্থাপনায় নিখোঁজ জেলেদের উদ্ধার করাসহ ভারতের কারাগারে বন্দী বাংলাদেশের সব জেলেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
স্মারকলিপিতে উল্লিখিত অন্য দাবিগুলো হচ্ছে জেলেদের পরিচয়পত্র প্রদান, জাটকা আহরণকারী সব জেলেকে ভিজিএফের আওতাভুক্ত করা ও নগদ অর্থ প্রদান, ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসন করা, বন ও জলদস্যু দমনে গভীর সমুদ্রে নৌঘাঁটি স্থাপন, প্রান্তিক জেলেদের সহজ শর্তে সুদমুক্ত ঋণ বিতরণ, ভূমিহীন জেলেদের খাসজমি বন্দোবস্ত দেওয়া ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী জানান, ভারতীয় কারাগারে আটক ও নিখোঁজ জেলেদের ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পরিচয়পত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী এক মাসের মধ্যে তা জেলেদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।