নিখোঁজদের উদ্ধারে সাড়া নেই র‍্যাব-পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান যখন নিখোঁজ হন, তখন তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। কর্মক্ষেত্রে বা পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। দেনা-পাওনার ঝামেলা ছিল না। আত্মগোপন করার মতো কিছু না ঘটলেও র‍্যাব-পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না।

 নিখোঁজ ও অপহৃত ব্যক্তিদের স্বজনেরা বলছেন, প্রথম দিকে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সাড়া পেলেও এখন আর তেমন পাচ্ছেন না। তাঁরা শুরুর দিকে ‘খুঁজছি’, ‘চেষ্টা করছি’—এসব বলেছেন। এখন তাও বলছেন না। এখন চান, তাঁদের স্বজনেরা যেকোনো শর্তে শুধু ফিরে আসুক। কারও বিরুদ্ধে তাঁরা কোনো অভিযোগও তুলবেন না।

গত আগস্ট থেকে নিখোঁজ ১২ জনের মধ্যে ৪ জন ফিরে এসেছেন।

গত ৭ নভেম্বর আইডিবি ভবন থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন মোবাশ্বার। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছাপা হয়, স্পর্শকাতর বিষয়ে লেখার জন্য তিনি কোনো একটি পক্ষের বিরাগভাজন হয়েছেন। সে জন্য তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে প্রতিবেদন প্রকাশকারী ওয়েবসাইটটি এখন বন্ধ।

র‍্যাব-৩-এর অধিনায়ক এমরানুল হাসান প্রথম আলোকে বলেন, ‘মুক্তিপণের জন্য কেউ মোবাশ্বারকে তুলে নিয়ে গেছে এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি। লেখালেখির কারণে তিনি নিখোঁজ হয়েছেন কি না, সে সম্পর্কে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’

মোবাশ্বারের বোন তামান্না তাসনিম বলেন, প্রায় এক মাস হলো তাঁর ভাইয়ের কোনো খোঁজ নেই। তাঁদের বাবা অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ হয়ে পড়েছেন উৎপল দাসের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা চিত্তরঞ্জন দাস। গত ১০ অক্টোবর অফিস থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। উৎপলের বোন বিনীতা দাস প্রথম আলোকে বলেন, তাঁরা শুধু কেঁদেই দিন পার করছেন।

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদ গতকাল সোমবার পর্যন্ত নিখোঁজ ছিলেন।

আমিনুর রহমানের ভাবি কাজী আইনুন নাহার প্রথম আলোকে বলেন, রাজনীতি ছাড়া আমিনুর আর কিছুই করতেন না। আশা ছিল, ২০-দলীয় জোট ক্ষমতায় গেলে কল্যাণ পার্টির প্রধানের একটা অবস্থান থাকবে। এখন বড় বড় দলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন, আর আমিনুর কেন নিখোঁজ হলেন, তার কোনো হিসাব তিনি মেলাতে পারছেন না।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদের ২২ আগস্ট থেকে খোঁজ নেই। এবিএন গ্রুপের মালিকানায় বিমান, পণ্য পরিবহন, আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে। তিনি চট্টগ্রাম থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। সৈয়দ সাদাত আহমেদের বাবা সাবেক সেনা কর্মকর্তা।

পুলিশ জানায়, ঘটনার দিন সৈয়দ সাদাত নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়িতে তাঁর ছেলে ও বাসার একজন তত্ত্বাবধায়ক ছিলেন। বেলা তিনটার দিকে সাদাপোশাকের একদল লোক গাড়ি থেকে সাদাতকে নামিয়ে নিজেদের গাড়িতে তোলেন। ওই দলের একজন সাদাতের গাড়িতে ওঠেন। দুটি গাড়িই কুড়িল বিশ্বরোডের দিকে এগোয়। সাদাত ছেলেকে শিগগিরই ফিরে আসবেন বলে জানান। সাদাপোশাকে লোকজন ছেলে ও তত্ত্বাবধায়কের সঙ্গে থাকা মুঠোফোন কেড়ে নিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। ওই ঘটনায় সেই রাতেই সৈয়দ সাদাত আহমেদের স্ত্রী ক্যান্টনমেন্ট থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, ‘আমরা তো সৈয়দ সাদাত আহমেদকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, পাচ্ছি না।’ তিনি বলেন, এই অপহরণের পেছনে পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্বও থাকতে পারে। কারণ, পরিবার পুলিশের সঙ্গে খুব একটা যোগাযোগ করছে না।

২৬ আগস্ট কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহমেদ ধানমন্ডি থেকে নিখোঁজ হন। ইশরাক আহমেদের বাবা জামালউদ্দীন প্রথম আলোকে বলেন, ইশরাকের ব্যাপারে থানার পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ, র‍্যাব—কেউ কিছু জানাতে পারেনি।

ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা হেলালউদ্দীন প্রথম আলোকে বলেন, তাঁরা ফেসবুক, ইশরাকের মুঠোফোনের কললিস্ট নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছেন। এখন ইশরাক কেন হারিয়ে গেলেন, বুঝে উঠতে পারছেন না।