নিখোঁজের আট দিন পর যুবকের গলিত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার আট দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ মাদারটেক এলাকা থেকে শাকিল কাজী (২২) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে।
সবুজবাগ থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় দক্ষিণ মাদারটেক এলাকার একটি কালভার্টের নিচ থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। স্বজনেরা সেখানে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
শাকিলের মামা মো. সেলিম জানান, মাঝেমধ্যে শাকিল তাঁর বাবার ভাঙারি দোকানে বসতেন। তাঁর বাবার নাম সমু কাজী। ১৮ ডিসেম্বর তিনি বাসা থেকে বের হয়ে ফিরে আসেননি। সেলিম বলেন, শাকিলকে কারা কেন তাঁকে হত্যা করেছে, তা তিনি জানেন না বলে জানান।
তদন্তকারী উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, শাকিলকে হত্যা করা হয়েছে।