নিখোঁজের এক দিন পর ছাত্রের লাশ মিলল
নিখোঁজের এক দিন পর ফেনীর পরশুরাম এলাকার স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাড়ির পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেন স্বজনেরা। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।
গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিল পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শুভ বৈদ্য। তার বাড়ি পরশুরাম পৌরসভার অনন্তপুর গ্রামে।
নিহত ছাত্রের বাবা সাধন চন্দ্র বৈদ্য জানান, সেদিন রাত আটটার দিকে শুভর মুঠোফোনে একটি কল আসে। এরপরই কারও সঙ্গে দেখা করার জন্য সে ঘর থেকে বের হয়। কিন্তু রাতে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাকে না পেয়ে মঙ্গলবার বিকেলে তিনি পরশুরাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাধন চন্দ্র বৈদ্য জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সমীর ভূঞা তাঁকে জানান বাড়ির পাশে ঝোপের মধ্যে শুভর লাশ পড়ে আছে। খবর পেয়ে পরশুরাম থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ময়নাতদন্তের পর ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আরিফুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, লাশের খোঁজ দেওয়া সমীর ভূঞাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। শুভ বৈদ্যর মুঠোনের কল লিস্ট পাওয়া গেলে বোঝা যাবে, কে তাকে ঘর থেকে থেকে বাইরে ডেকে নিয়েছিল।