নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল ছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে নাজমুল ইসলাম (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মিজমিজি পাইনাদী এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম মাদ্রাসায় যায়। কিন্তু মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়ি ফিরে এসে তার বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে আবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ রোববার দুপুরে তার বাবা রফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করতে গেলে খবর আসে পাইনাদী এলাকায় ডোবায় একটি লাশ ভাসছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করলে রফিকুল ইসলাম তার ছেলে নাজমুল ইসলামের লাশ হিসেবে তা শনাক্ত করেন।

ওসি আরও জানান, নিহত নাজমুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।