নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় নিখোঁজের এক দিন পর গত সোমবার রাত নয়টার দিকে মিজান সাখিদার নামের আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মিজান তালোড়ার পোড়াঘাটা গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই গ্রামের দুই নারীকে আটক করেছে।
সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান বলেন, ‘শিশুকে হত্যার ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য রাতেই দুজন নারীকে আটক করেছি। এ ছাড়া গতকাল মঙ্গলবার কয়েকটি শিশুকেও থানায় এনেছি। জিজ্ঞাসাবাদের পর তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় ব্যক্তিরা জানান, মিজান গত রোববার বিকেলে প্রতিবেশী এন্দাজ আলীর বাড়িতে সঙ্গীদের নিয়ে খেলছিল। সন্ধ্যার পরও শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন বিকেলে মিজানের বাবা দুপচাঁচিয়া থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। কিন্তু তাঁরাও কিছু পায়নি। পরে রাত নয়টার দিকে স্থানীয় লোকজন এন্দাজের বাড়ির পেছনে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে।
স্থানীয় ইউপি সদস্য অশোক দেব বলেন, শুধু মিজান নয়, গত পাঁচ বছরে একইভাবে গ্রামের মোট চার শিশু খুন হয়েছে। এদের বয়স আড়াই থেকে পাঁচ বছরের মধ্যে। এরা সবাই হতদরিদ্র। খুন হওয়া শিশুগুলোর হত্যারহস্য আজও উদ্ধার হয়নি।