নিখোঁজের এক মাস পর নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের একটি মজা পুকুর থেকে জহুরা বেগম ওরফে বেবি (২৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এক মাস ধরে নিখোঁজ ছিলেন।
জহুরা কালারাইতা গ্রামের খাজা মাঈন উদ্দিনের স্ত্রী এবং পাশের খাজুরিয়া গ্রামের ছায়েদুল হকের মেয়ে। স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে মাঈন উদ্দিন পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় কালারাইতা গ্রামের একটি মজা পুকুর থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ রাত ১২টার দিকে এক নারীর প্রায় গলিত লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে খাজুরিয়া গ্রামের ছায়েদুল হকের স্ত্রী অজিফা বেগম এসে লাশটি তাঁর মেয়ের বলে শনাক্ত করেন।
অফিজা বেগম জানান, গত ৬ এপ্রিল কালারাইতা গ্রামের স্বামীর বাড়ি থেকে তাঁর মেয়ে নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁরা মেয়ের কোনো সন্ধান পাননি।
অফিজা বেগম বলেন, প্রায় আট বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন দাবিতে স্বামী মাঈন উদ্দিন জহুরাকে নির্যাতন করতেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই জহুরাকে মেরে লাশ বস্তায় ভরে ওই পুকুরে ফেলে রেখেছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জহুরার মা অজিফা বেগম গতকাল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় জহুরার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে আসামি করা হয়েছে।