নিখোঁজের এক দিন পর ছাত্রীর লাশ উদ্ধার
গাজীপুরের কাশিমপুর সারাগঞ্জ এলাকার একটি ডোবা থেকে আজ সোমবার সকালে নার্গিস আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে সে নিখোঁজ ছিল।
নার্গিস গাজীপুরের লতিফপুর এলাকার কোকিল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বলেন, গত শনিবার রাত ১০টার দিকে নার্গিস দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। ওই রাতেই সে নিখোঁজ হয়। আজ সকালে কাশিমপুর এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে তদন্তের পর বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।