নিখোঁজের চার দিন পর আফজালের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে রাজারহাটে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আফজাল হোসেন (২২) নামের যুবকটির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের একটি ডোবায় মাছ ধরার সময় এলাকাবাসী এক যুবকের লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে রাজারহাট থানা-পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে আফজালের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। আফজাল উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলের পাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে।

নিহত যুবকের পরিবারের সদস্যরা জানান, কলেজে লেখাপড়ার পাশাপাশি আফজাল রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে মাস্টাররোলে পিয়নের কাজ করতেন। ১ এপ্রিল রংপুর থেকে সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসেন। ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তাঁর মুঠোফোনে একটা ফোন আসে। পরে তিনি কথা বলতে বলতে বাড়ির বাইরে চলে যান। তারপর থেকেই আফজাল নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে তাঁর মুঠোফোনও বন্ধ ছিল। পরে আফজালের বাবা উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে প্রথম আলোতে গত সোমবার ‘রংপুর থেকে বাড়িতে এসে নিখোঁজ এক শিক্ষার্থী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

উলিপুর থানার ওসি এস কে আবদুল্ল্যাহ আল সাইদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ ডোবায় ফেলা হয়েছে।