নিখোঁজের চার দিন পর দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার দোভাগী এলাকার একটি ভুট্টাখেত থেকে আলাদা ব্যাগে রাখা লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই ছাত্রী হলো লতিফা খাতুন (৯) ও আঁখি আক্তার (৯)। তারা চরবাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গত ২৮ মার্চ থেকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সীমান্তবর্তী চরকানছিঁড়া গ্রামের আবদুল লতিফের মেয়ে লতিফা এবং আশরাফুল আলমের মেয়ে আঁখি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বুধবার দুপুরে স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিন অথবা তার পরের দিনই তাদের হত্যা করা হয়। তবে কে বা কারা কী উদ্দেশ্যে তাদের হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, দুই পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।