নিখোঁজের চার দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপরে লক্ষ্মীধর পাড়ার ডোবা থেকে মো. রাসেল নামে ওই নেতার লাশ উদ্ধার করা হয়।
রাসেল ওই এলাকার মৃত নোয়াব আলীর ছেলে ও ভোলাকোট ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন যুবলীগের সদস্য।
নিহতের পরিবার, স্থানীয় যুবলীগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টায় রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দেবনগর ও ভোলাকোটে টহল দেয়। টহলের এ সময় স্থানীয় একটি ইট ভাটার পাশের রাস্তা দিয়ে মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন যুবলীগ নেতা রাসেল। তিনি পুলিশ দেখে মোটরসাইকেল ও হেলমেট ফেলে দৌড় দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, পুলিশের টহলের সময় এক যুবক মোটরসাইকেল ও হেলমেট রেখে পালিয়ে যায়। সেই মোটরসাইকেল ও হেলমেট রামগঞ্জ থানা হেফাজতে রয়েছে। ওসি বলেন, আজ সোমবার দুপুরে রাসেলের লাশ উদ্ধারের পর তাঁর পকেটে ৬টি ইয়াবা ট্যাবলেট, নয় হাজার ২৭৫ টাকা ও একটি মোবাইল পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকালে রাসেলের লাশ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়ার পরও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে পুলিশ আসার খবরে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সঠিক তদন্ত করে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।