নিখোঁজের চার দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার কেলিশহর এলাকা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল বৃহস্পতিবার সজল দাশ (৪৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সজলের বাড়ি কেলিশহর ইউনিয়নে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় সজলকে তাঁর এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে কেলিশহর এলাকার লোকজন পুকুরে সজলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, সজল মাতাল অবস্থায় পুকুরে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে যদি তাঁকে হত্যার কোনো আলামত পাওয়া যায়, তাহলে হত্যা মামলা নেওয়া হবে। তিনি জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।