নিখোঁজের চার দিন পর শিশুটি মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী খাদিজা আক্তারকে (১১) নিয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত শিক্ষক সাহারা আক্তার চার দিন পর শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। গতকাল বুধবার সকালে রংপুরের তারাগঞ্জে ওই শিক্ষকের ভাই সরব উদ্দিন খান মাকে ডেকে শিশুটিকে বুঝিয়ে দেন। পরে শিশুটিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তারাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান সরকার বলেন, শিশুটির মাথায় আঘাত এবং সারা শরীরের ক্ষত ও জখমের চিহ্ন রয়েছে।
সাহারা আক্তারের বাবার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে। নির্যাতনের শিকার খাদিজাও একই গ্রামের বাসিন্দা। ভৈরব পৌর শহরের কমলপুর মহল্লার হেলিম মিয়ার ছেলে সুমন মিয়া সাহারার স্বামী। থাকেন স্বামীর বাড়িতে। সাহারা ভৈরব উপজেলার মানিকদী গ্রামের আলফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বাসার কাজ করার জন্য তিন বছর আগে খাদিজাকে নিয়ে আসেন সাহারা। খাদিজার বাবা সাইদ রহমান পেশায় রিকশাচালক ছিলেন। নয় বছর আগে সাইদ মারা যান।
গতকাল সাহারা আক্তার মুঠোফোনে আবারও নির্যাতনের কথা অস্বীকার করেন। ক্ষতচিহ্নের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, খাদিজার চুলকানি রোগ আছে। চুলকিয়ে সে নিজেই নিজের এই অবস্থা করেছে।
মায়ের কাছে ফিরে যাবার পর খাদিজা পরিবারের সদস্য ও সাংবাদিকের কাছে তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেয়। খাদিজা জানায়, তিন বছর ধরে ওই বাসায় কাজ করলেও নির্যাতনের মাত্রা বাড়ে দেড় বছর আগ থেকে। পেঁয়াজ কাটতে দেরি হলে, গ্লাস থেকে পানি পড়ে গেলে কিংবা সুন্দর করে রুটি বানাতে না পারলে সঙ্গে সঙ্গে তার ওপর নির্যাতন চালানো হতো। রুটি বানানোর বেলুন দিয়ে এবং দেয়ালে মাথা ঠেকিয়ে তাকে নির্যাতন করা হতো। বেশি করা হতো নখ দিয়ে। কোনো কিছু পছন্দ না হলেই নখ দিয়ে তার গলা ও মুখ খামচে দেওয়া হতো। চিৎকার করলে আরও বেশি করে নখ দিয়ে খামচানো হতো। নখের আঁচড়ে তার শরীরে ক্ষতের সৃষ্টি হয়।
খাদিজা আরও জানায়, এই কাজে সাহারার স্বামী সুমন বাধা দিতেন। কিন্তু তিনি শুনতেন না। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হতো। দিনের বেশির ভাগ সময় গেটে তালা দিয়ে বাসায় তাকে অবরুদ্ধ করে রাখা হতো।
আত্মগোপনে থাকার সময়ের বর্ণনা দিতে গিয়ে খাদিজা জানায়, তাকে নিয়ে সাহারা ঢাকার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেই সময় নির্যাতনের কথা না বলার জন্য হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক ও পরিবারের কেউ ফোন করলে তাঁর শেখানো কথা বলতে হয়েছে। নির্যাতনের কথা বলে দিলে গরু চুরির অভিযোগ এনে তার মা ও ভাইকে জেল খাটানোর ভয় দেখানো হয়।
খাদিজার মা মলিনা বেগম জানান, তাঁর কাছ থেকে নেওয়ার সময় পেট ভরে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন ক্ষতবিক্ষত শরীরের মেয়েকে তিনি পেয়েছেন। স্থানীয়ভাবে সাহারার পরিবার খুবই প্রভাবশালী হওয়ায় মামলা করার সাহস পাচ্ছেন না। মামলা না করার জন্য সাহারার পরিবারের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগ পেলেই নির্যাতনের মামলা নেবেন বলে জানান ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) কায়েস আহমেদ।