নিখোঁজের চার দিন পর শিশুর পেটকাটা লাশ উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর শিশু সজীব মজুমদারের (১০) পেটকাটা লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা-পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার কোদালধোয়া গ্রামের একটি ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ রোববার আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের সঞ্জিত মজুমদারের পুত্র বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সজীব (১২) মঙ্গলবার সকালে তার দাদা যোগেশ মজুমদারের সঙ্গে বাটরা বাজারে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাবা সঞ্জিত আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সন্ধ্যায় কোদালধোয়া গ্রামের মাছের ঘেরে সজীবের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আগৈলঝাড়া থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার রাত আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পূর্ব পরিকল্পিতভাবে সজীবকে হত্যা করে লাশ গুমের জন্য পেট কেটে ঘেরে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এই ঘটনায় নিহতের বাবা সঞ্জিত মজুমদার বাদী হয়ে আজ রোববার অশোক হালদার ও অশ্রু হালদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।