নিখোঁজের চার দিন পর শীতলক্ষ্যায় ট্রলারচালকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার চার দিন পর মোশারফ হোসেন (২৮) নামের এক ট্রলারচালকের লাশ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব বাজারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মোশারফ হোসেনের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নয়ানগর গ্রামে। বাবার নাম মৃত সোনা মিয়া সৈয়াল। তিনি রূপগঞ্জের তারাব এলাকায় দীর্ঘদিন বাস করতেন ও শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার চালাতেন।
নিহতের স্ত্রী ইয়াছমিন আক্তার বলেন, গত সোমবার সাড়ে ১০টার দিকে তিনি মুঠোফোনে মোশারফ হোসেনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। এর পরপরই মুঠোফোনের সংযোগটি কেটে যায়। পরে অনেকবার চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। কেউ তাঁর স্বামীকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন তিনি।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে তারাব বাজারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। রাত সোয়া ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটি মোশারফের বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।