নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আতিক হাসান (১৩) নামের এক স্কুলছাত্র নিখোঁজের চার দিন পর ঘাটাইলের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আতিকের নিখোঁজ হওয়ার ঘটনায় আটক দুজনের স্বীকারোক্তি অনুযায়ী আজ বুধবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।
আতিক উপজেলার কুতুবপুর রওশন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা বিল্লাল হোসেন বিদেশে থাকেন। আতিক নিখোঁজ হওয়ার ঘটনায় একই এলাকার ওয়াশিম (১৪) ও এইচএসসি পরীক্ষার্থী নাহিদকে (১৮) গতকাল মঙ্গলবার গ্রামবাসী আটক করে পুলিশে দেন।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদুল আলম বলেন, নিহত আতিক হাসান তার এলাকার তিন বখাটে নাহিদ, আরিফ ও ওয়াশিমের গাঁজা খাওয়ার দৃশ্য মোবাইলে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভিডিও চিত্রটি নিতে এই তিনজন আতিকের মোবাইল উদ্ধারে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে ওই তিন বন্ধু আতিককে গত শনিবার বিকেলে একটি মোটরসাইকেলে করে ঘাটাইলের দেওপাড়া চাম্বলতলা বন বিভাগের জঙ্গলে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে চলে যায়। আতিক নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় এলাকাবাসী ওই তিনজনকে সন্দেহ করে দুজনকে ধরে পুলিশে দেন। সখীপুর থানায় গতকাল রাতে ওই দুজন পুলিশের কাছে আতিককে হত্যার কথা স্বীকার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মোবাইলে প্রথম আলোকে বলেন, মোবাইল ফোনের একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে আতিককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। নিহত আতিকের মা আয়শা আক্তার বাদী হয়ে আজ আটক দুজনসহ তিনজনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা করেছেন। আরেক আসামি আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।