নিখোঁজের চার মাস পর কৃষকের কঙ্কাল উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিখোঁজের চার মাস পর হাফিজার রহমান (৫০) নামের এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। হত্যা মামলার তিন আসামির স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শনিবার উপজেলার কড়িআঞ্জুল মধ্যপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়।
হাফিজার রহমান একই গ্রামের বাসিন্দা ছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে হাফিজারকে হত্যার পর লাশ গুম করা হয়। হাফিজারকে খুঁজে না পেয়ে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বড় ভাই ফজলুর রহমান। এরপর ৮ অক্টোবর চারজনকে আসামি করে আদালতে মামলা করেন তিনি। পুলিশ মুঠোফোনে আড়ি পেতে আফজাল হোসেন, সোহাগ ও সোনাভান নামে এক নারীকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী মুসারগাড়ি কবরস্থান থেকে মাটি চাপা দেওয়া হাফিজারের কঙ্কাল উদ্ধার করা হয়।