নিখোঁজের চার দিন পর দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার দিন ধরে নিখোঁজ থাকা দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার দোভাগী এলাকার একটি ভুট্টাখেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত লতিফা খাতুন (৯) ও আঁখি আক্তার (৯) উপজেলার চরবাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

নিহত লতিফা খাতুন শিবগঞ্জ উপজেলার চরকানছিঁড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। আঁখি আক্তার একই গ্রামের আশরাফুল আলমের মেয়ে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, আজ দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশগুলো পৃথক দুইটি ব্যাগে রাখা ছিল। তারা গত ২৮ মার্চ স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।