নিখোঁজের তালিকায় এবার মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরিষাবাড়ীর মেয়র রুকুনুজ্জামান
সরিষাবাড়ীর মেয়র রুকুনুজ্জামান

রাজধানী থেকে এবার নিখোঁজ হয়েছেন জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও ব্যবসায়ী মোহাম্মদ রুকুনুজ্জামান। দুই দিন পার হলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, শত্রুতার জের ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে অবিলম্বে ‘জীবিত উদ্ধার’ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁর এলাকাবাসী।

গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন রুকুনুজ্জামান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ। পুলিশ বলছে, গতকাল পর্যন্ত তারা মেয়রকে উদ্ধারের কোনো সূত্র পায়নি।

এ নিয়ে গত পাঁচ সপ্তাহে রাজধানী ঢাকা থেকে পাঁচজন নিখোঁজ হলেন। তাঁদের মধ্যে একজন (ব্যাংক কর্মকর্তা) ফিরে এলেও চারজনের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ব্যবসায়ী ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায়কে গত ২৭ আগস্ট বিকেলে রাজধানীর গুলশানে একটি ব্যাংকের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েক ব্যক্তি। সিসি ক্যামেরায়ও সে দৃশ্য ধরা পড়েছে। এ রকম যানজটের শহরে জলজ্যান্ত মানুষটিকে ধরে নিয়ে মাইক্রোবাসটি কোথায় উধাও হয়ে গেল, সে খবর এখনো বের করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একই দিনে নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান। তাঁর দলের দাবি, তাঁকে তুলে নেওয়া হয়েছে। ছুটিতে কানাডা থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে এসে ২৬ আগস্ট ধানমন্ডি থেকে নিখোঁজ হন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহমেদ। এখনো তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইশরাকের বাবা ব্যবসায়ী জামালউদ্দীন।

এর আগে গত ২২ আগস্ট মহাখালীতে ছেলের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ব্যবসায়ী ও বিএনপির নেতা সৈয়দ সাদাতকে। তিনিও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ নিখোঁজ হওয়া মেয়র মো. রুকুনুজ্জামানের বাড়ি সরিষাবাড়ীর সাতপোয়া গ্রামে। তাঁর স্ত্রী হ্যাপী বেগম সাতপোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একসময়ের ইতালিপ্রবাসী রুকুনুজ্জামান বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। ২০১৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। পরের বছর আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। তৈরি পোশাকের ব্যবসাও আছে তাঁর। একই সঙ্গে একটি বায়িং হাউসেরও মালিক। ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনার জন্য উত্তরায় একটি বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি। সঙ্গে থাকতেন দেহরক্ষী, এক ভাতিজা, গাড়ির চালক এবং এলাকার আরও দুই ছেলে।

নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মেয়র রুকুন’ নামের আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। তাতে বলা হয়, ‘...নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান যে আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’

নিখোঁজ পৌর মেয়রের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, মেয়রকে স্থানীয় এক ঠিকাদার সম্প্রতি হুমকি দেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তিনি আরও বলেন, ‘ভাই নিখোঁজ হওয়ার পর আমরা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

রুকুনের পরিবার যে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ আনছে, তাঁর নাম রফিকুল ইসলাম। গতকাল মুঠোফোনে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, পৌরসভার প্রথম শ্রেণির একজন ঠিকাদার তিনি। তাঁর লাইসেন্স নবায়ন করতে গেলে পৌরসভার প্রকৌশলী তাতে সই দিয়ে দিলেও মেয়র সই দেননি। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে একদিন রাস্তায় মেয়র তাঁর গতিরোধ করে মারধর করেন। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় জিডিও করেন। তিনি বলেন, মেয়র নিজে আত্মগোপনে যেতে পারেন বলে তাঁর ধারণা।

গতকাল বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরে মেয়র রুকুনুজ্জামানের ভাড়া বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর গাড়িচালক মো. সাইদুর ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিখোঁজ হওয়ার আগের দিন (রোববার) সকালে মেয়রকে নিয়ে সরিষাবাড়ী যান। সেখানে মেয়র পৌরসভার একটি জরুরি সভায় যোগ দেন। রাত ১১টার দিকে ঢাকার বাসায় ফিরে আসেন।

চালক সাইদুর বলেন, মেয়র সোমবার সকালে বাসায় এসে নাশতা করে ১৩ নম্বর সেক্টরে খেলার মাঠের দিকে বেরিয়ে যান। এরপর আর ফিরে আসেননি। যাওয়ার সময় তিনি বলেছিলেন, ১০ মিনিটের মধ্যে ফিরে আসবেন। ফিরেই তিনি টঙ্গীর কারখানায় যাবেন। এরপর মেয়রের আর কোনো খোঁজ জানেন না।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন প্রথম আলোকে বলেন, রুকুনুজ্জামানের নিখোঁজ হওয়ার ঘটনাটা রহস্যজনক। তিনি রাতে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। এরপর সকালে একা একা বেরিয়ে যান।

এদিকে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সরিষাবাড়ী পৌর পরিষদের উদ্যোগে পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে রুকুনুজ্জামানকে ‘জীবিত উদ্ধারের’ দাবি জানানো হয়। পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে মেয়রকে জীবিত উদ্ধার করে দেওয়া না হলে আজ বুধবার থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মেয়রকে উদ্ধারের বিষয়ে কোনো খবর আছে কি না, জানতে চাইলে গতকাল বিকেলে পুলিশের উত্তরা অঞ্চলের সহকারী কমিশনার তাপস কুমার দাস প্রথম আলোকে বলেন, এখনো কোনো ক্লু পাওয়া যায়নি।